২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বজিৎ হত্যা মামলার কার্যক্রম স্থগিতের আবেদন খারিজ

বহুল আলোচিত বিশ্বজিৎ দাস হত্যা মামলায় ছয় আসামির বিরুদ্ধে কার্যক্রম স্থগিতের আবেদন খারিজ করে দিয়েছে হাই কোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2013, 11:47 PM

Updated : 23 Aug 2022, 07:18 PM

সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ এই আদেশ দেয়।

একইসঙ্গে মামলার কার্যক্রমে বাধা সৃষ্টি করায় আসামিপক্ষের আইনজীবী সৈয়দ শাহ আলমকে ১ হাজার টাকা খরচ জমা দিতেও নির্দেশ দেয়া হয়েছে।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ ওই মামলার বিচার কার্যক্রম চলছে। তবে চার্জ সংশোধন ও ছয় আসামির ক্ষেত্রে মামলার কার্যক্রম স্থগিত চেয়ে ওই আদালতে আবেদন করলে গত অক্টোবর তা খারিজ হয়। এর বিরুদ্ধে গত রোববার হাইকোর্টে রিভিশন দায়ের করেন তারা।

এই ছয় আসামি হলেন- জিএম রাশেদুজ্জামান শাওন, রফিকুল ইসলাম শাকিল, মাহফুজুর রহমান নাহিদ, এএইচএম কিবরিয়া, কাইয়ুম মিয়া টিপু ও সাইফুল ইসলাম সাইফুল।

রাষ্ট্রপক্ষে সরদার মোশাররফ হোসেন ও সহকারি অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশীদ শুনানি করেন।

গাজী মো. মামুনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চার্জ সংশোধন ও ছয় আসামির ক্ষেত্রে মামলার কার্যক্রম স্থগিত চেয়ে এর আগে আসামিপক্ষ নিম্ন আদালতেও আবেদন করেছিলেন। ওই আবেদন সেখানে খারিজ হয়।

আবেদনটি দায়েরের সময় বিচারকি আদালতে ৩২ জন সাক্ষীর সাক্ষ্য শেষ হয়েছিলো। এরপর আসামি পক্ষ হাই কোর্টে রিভিশন দায়ের করেন।

বর্তমানে এই মামলায় সব সাক্ষীর সাক্ষ্য শেষ হয়ে গেছে, এখন সাফাই সাক্ষীর সাক্ষ্য নেয়া হবে।

এই অবস্থায় আদালতের কার্যক্রমে বাধা সৃষ্টি করতে এ ধরনের আবেদন করার কারণে আসামিপক্ষের আইনজীবী সৈয়দ শাহ আলমকে ১ হাজার টাকা খরচা দিতে বলা হয়েছে বলে জানান মামুনুর রশীদ।

আদালতের এই আদেশের বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ শাহ আলম।

গত বছরের ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচির সময় পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় দরজি দোকানি বিশ্বজিৎকে।

পরে গত ৫ মার্চ ছাত্রলীগের ২১ জন কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযোগপত্রভুক্ত ২১ আসামির মধ্যে আটজন কারাগারে এবং বাকিরা পলাতক আছে।

আসামিদের সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মী।