২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির কালো পতাকা মিছিল বিকালে

মন্ত্রিসভার রোববারের বৈঠককে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে এর প্রতিবাদে বিকেলে  সারা দেশের জেলা ও মহানগরে কালো পতাকা মিছিল করবে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2013, 10:53 AM

Updated : 23 Aug 2022, 07:18 PM

এক সপ্তাহ আগে মন্ত্রিসভার সদস্যরা প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেয়ায় তারা ওই পদে থেকে কার্যক্রম পরিচালনার বৈধতা হারিয়েছেন বলে দাবি বিএনপির।

তারপরও রোববার মন্ত্রিসভার বৈঠক হলে বিএনপি এই কর্মসূচি ঘোষণা করে।

দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সারা দেশে কালো পতাকা মিছিল করতে ইতিমধ্যে জেলা ও মহানগর নেতৃবৃন্দসহ ১৮ দলীয় জোট নেতাদের বলা হয়েছে।

রাজধানীতে থানায় থানায় কালো পতাকা মিছিল হবে বলেও জানান তিনি।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

রোববার সকালে রিজভী বলেন, “গতকাল মন্ত্রিসভার বৈঠক হয়েছে। পদত্যাগপত্র জমা দেয়ার পরও মন্ত্রীদের দায়িত্বপালন প্র্রজাতন্ত্রের সংবিধানের গুরুতর লংঘন। কালো পতাকা মিছিলের মাধ্যমে আমরা এর প্রতিবাদ জানাবো।”

মন্ত্রিসভার সব সদস্য গত সোমবার প্রধানমন্ত্রীর হাতে পদত্যাগপত্র জমা দেন, যার মধ্য দিয়ে নির্বাচনকালীন ‘সর্বদলীয়’ সরকার গঠনে মন্ত্রিসভার পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়।

মন্ত্রিসভার নতুন সদস্যরা সোমবার বিকালে বঙ্গভবনে শপথ নেবেন। এই মন্ত্রিসভায় বিএনপিও আসবে বলে সরকার পক্ষ থেকে আসা করা হলেও ‘তামাশা’ আখ্যায়িত করে তা নাকচ করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।