২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগরতলায় প্রথম ইন্টিগ্রেটেড চেকপোস্ট উদ্বোধন

সীমান্ত পারাপার সহজ করতে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় চালু হয়েছে প্রথম ইন্টিগ্রেটেড চেকপোস্ট।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2013, 01:15 AM

Updated : 25 Apr 2022, 07:32 PM

রোববার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী সুশীল কুমার সিন্ধে এবং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর যৌথভাবে চেকপোস্টের উদ্ধোধন করেন।

প্রায় ৭৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ওই চেকপোস্টের মাধ্যমে যাত্রী ও ব্যবসায়ীরা আগের চেয়ে দ্রুত সময়ের মধ্যে সীমান্ত পারাপার হতে পারবেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

উদ্বোধনীর পর এক সুধী সমাবেশে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক দীর্ঘদিনের। আশা করি এ সম্পর্ক বজায় থাকবে।

“আমরা সব সময়ই বাংলাদেশের ভালো চাই; আশা করি ভারত-বাংলাদেশ কখনোই আলাদা হবে না।”

সমাবেশ শেষে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টিভঙ্গি জানতে চান সাংবাদিকরা।

জবাবে সিন্ধে বলেন, তার দেশ কোনো দেশের রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে না।

এদিকে সুধী সমাবেশের বক্তব্যে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেন, দেব-নেব, বিলিব-বেলাবোর মতোই দুই দেশের সম্পর্কটা দেখতে চায় বাংলাদেশ।

তিনি আরো বলেন, এ চেকপোস্টের মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রম আরো বাড়বে। চেকপোস্টের মাধ্যমে প্রতিমাসে অন্তত সাড়ে চার হাজার লোক যাতায়ত করবে।

এর আগে সকাল ১১টায় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আলমগীর হেলিকপ্টারযোগে আখাউড়ায় আসেন। পরে আখাউড়া স্থলবন্দরের নো-ম্যানসল্যান্ডে ত্রিপুরার শিল্প ও বাণিজ্য মন্ত্রী জীতেন্দ্র চৌধুরি এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার পঙ্কজ শরণ মন্ত্রীকে স্বাগত জানান।