জামালপুরে সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন
জামালপুর-মাদারগঞ্জ সড়কে দাঁতভাঙ্গা বেইলি ব্রিজটি ভেঙে রোববার ভোর থেকে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
শনিবার গভীর রাতে এ দুর্ঘটনায় এক ট্রাকচালক ও তার সহকারী আহত হয়েছেন।
জামালপুরের সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী নূর নবী তরফদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লবণ ভর্তি একটি ট্রাক ব্রিজের উপর উঠলে তা ভেঙে নদীতে পড়ে যায়। অতিরিক্ত ওজনের কারণেই ব্রিজটি ভেঙে পড়েছে।
তিনি আরো জানান, ব্রিজটি মেরামত করে জামালপুর-মাদারগঞ্জ সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে অন্তত পাঁচ দিন সময় লাগবে।
দুর্ঘটনা কবলিত ট্রাকের চালক আব্দুল মিয়া জানান, তার ট্রাকে ১৫ টন লবণ ছিল। দুর্ঘটনায় তিনি ও তার সহকারী রানা আহত হয়েছেন।
দুর্বল এই সেতুর উপর দিয়ে পাঁচ টনের অধিক মালামাল নিয়ে যানবাহন চলাচলে নিষেধ করে সড়কের দুই পাশে সতর্কীকরণ বিজ্ঞপ্তি রয়েছে বলেও জানান তিনি।
