কুষ্টিয়ায় থানা হাজতে যুবকের মৃত্যু
কুষ্টিয়ার দৌলতপুর থানা হাজতে এক যুবককে নির্যাতন করে মেরে ফেলার অভিযোগ করেছে পরিবার।
শনিবার রাত ১১টার দিকে দৌলতপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে জাকির সাদিকের (২২) মৃত্যু হয়।
জাকির উপজেলার চর প্রাগপুর গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে।
জাকিরের পরিবার জানায়, শনিবার ভোরে তেকালা ক্যাম্পের ইনচার্য সহকারী উপ পরিদর্শক (এএসআই) মাসুদুর রহমান গ্রেপ্তার করে নিয়ে যায় জাকিরকে। এর পর গভীর রাতে দৌলতপুর স্বাস্থ্য কেন্দ্র থেকে এক প্রতিবেশী মোবাইল ফোনে জাকিরের মৃত্যুর খবর দেন।
তাদের অভিযোগ জাকিরকে সুস্থ অবস্থায় বাড়ি থেকে ধরে নিয়ে নির্যাতন করে মেরে ফেলেছে পুলিশ।
দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল আলম জানান, জাকিরের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা বিশেষ ক্ষমতা আইনে করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তেকালা পুলিশ ক্যাম্পের আইসি এএসআই মুসুদুর রহমান শনিবার ভোরে তাকে গ্রেপ্তার করেন।
জাকির মাদকাসক্ত ছিল বলেও তিনি জানান।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সালেহ আহম্মেদ জানান, রাত ১০টা ৩৫ মিনিটে দৌলতপুর থানা পুলিশ জাকির সাদিককে গুরুতর অসুস্থ অবস্থায় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে।
তিনি বলেন, “জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক কিছু কার্ডিয়াক থেরাপি দেয়ার এক পর্যায়ে রোগীর মুত্যু হয়। এরপর রাতেই পুলিশ হাসপাতাল থেকে লাশ নিয়ে যায়।”
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরবিন্দু পাল বলেন, বেলা সাড়ে ১১টায় দৌলতপুর থানা থেকে জাকিরের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্তের সময় নিহতের গলায় ও শরীরে বেশকিছু জখমজনিত ক্ষত দেখা যায়।”
মৃত্যুর সঠিক কারণ জানার জন্য ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে কথা বলার জন্য তেকালা পুলিশ ক্যাম্পের আইসি এএসআই মাসুদুর রহমানকে ফোন করে পাওয়া যায়নি।
