২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোয়েটার কারখানায় অসন্তোষ, ছুটি ঘোষণা

মজুরি বাড়ানোসহ বিভিন্ন দাবিতে এবার বিক্ষুব্ধ হয়ে উঠেছে সোয়েটার কারখানার শ্রমিকরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2013, 08:27 PM

Updated : 23 Aug 2022, 07:17 PM

শনিবার গাজীপুরে বেশ কয়েকটি সোয়েটার কারখানার শ্রমিকরা বিক্ষোভ, ভাংচুর, মহাসড়ক অবরোধ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালে কর্তৃপক্ষ একদিনের ছুটি ঘোষণা করে।

কারখানাগুলোর মধ্যে রয়েছে সদর উপজেলার নাওজোরে অবস্থিত ডটকম সোয়েটার এবং কোনাবাড়ির জে এল, ডিজাইন, গ্লেবাল মার্চেন্ট লিমিটেড, মেরিটেক্স ওয়ান, সোহান, মারলিভ, আসিফ সোয়েটার ও  তিতাস সোয়েটার।

শ্রমিকদের দাবি, গার্মেন্টস সেক্টরে মজুরি বাড়ানো হলেও সোয়েটার সেকশন বা নিটিং শাখায় মজুরি বাড়ানোর কোনো ঘোষণা দেওয়া হয়নি।

পুলিশ জানিয়েছে, ন্যূনতম দৈনিক হাজিরা দু’শ টাকা করা এবং সোয়েটারের উৎপাদন দর (পিস রেট) বাড়ানোর দাবিতে বিক্ষোভ করে কোনাবাড়ি এলাকার সোয়েটার কারখানা শ্রমিকেরা।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ ও গাড়ি ভাংচুর শুরু করলে লাঠিপেটা, রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করা হয়।

এ সময় অন্তত ২৫ জন শ্রমিক আহত হন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কোনাবাড়ি ফাঁড়ির উপ-পরিদর্শক মো. রবিউল ইসলাম।

তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবারের জন্য ওইসব কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

অন্যদিকে অভিন্ন দাবিসহ অক্টোবরের বকেয়া বেতন পরিশোধ এবং সোয়েটারের উৎপাদন দর বাড়ানোর দাবিতে বিক্ষোভ করে ডটকম সোয়েটারের শ্রমিকেরা।

এখানেও শ্রমিকরা মহাসড়ক অবরোধ ও রাস্তায় ভাংচুর শুরু করলে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৫ জন শ্রমিক আহত হন।

ডটকম সোয়েটার কারখানার শ্রমিক মো. জাহিদ জানান, বৃহস্পতিবার বকেয়া বেতন দেয়ার কথা থাকলেও রাত ১১টা পর্যন্ত অপেক্ষায় রেখেও তাদের বেতন দেয়া হয়নি।

কিস্তু শুক্রবার সাপ্তাহিক ছুটি শেষে শনিবার সকালে কারখানা গেটে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখে সকাল পৌনে ৯টার দিকে বিক্ষোভ শুরু করেন তারা।

তবে কারখানার উৎপাদন ব্যবস্থাপক এমদাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেতন আসতে দেরি হওয়ায় বৃহস্পতিবার রাতে শ্রমিকরা কারখানায় ভাংচুর চালায়।

তাই তারা শুক্রবার বেতন না দিয়ে  অনিদির্ষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ টানাতে বাধ্য হয়েছেন।