মুন্সীগঞ্জে চালক খুন, অটোরিকশা ছিনতাই
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় চালককে খুন করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
শনিবার সকালে পাটাভোগে শ্রীনগর-নওপাড়া সড়কের পাশে মিলন (২০) নামের ওই চালকের লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
শ্রীনগর থানার উপ-পরিদর্শক মো. আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ধারণা করা হচ্ছে- ছিনতাইকারীরা শুক্রবার রাতে যাত্রীবেশে অটোরিকশায় উঠে মিলনকে ওই এলাকায় নিয়ে আসে। শ্বাসরোধ হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
নিহতের গলায় মাফলার ও গামছা পেঁচানো ছিল বলে জানান উপ-পরিদর্শক সালাম।
ছিনতাইকারীদের ব্যাপারে এখনো কিছু জানা যায়নি বলে তিনি জানান।
মিলন কুড়িগ্রাম জেলার নুর ইসলামের পুত্র। শ্রীনগরে থেকে তিনি অটোরিকশা চালাতেন।
