নোয়াখালীতে রোববারের হরতাল প্রত্যাহার
নোয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের ডাকা রোববারের হরতাল জেএসসি ও জেডিসি পরীক্ষার কারণে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার বিকালে জেলা শহরে এক সমাবেশে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা সভাপতি মো. শাহজাহান এ ঘোষণা দেন। এ সময় স্বেচ্ছাসেবক দলের জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে গ্রেপ্তারের প্রতিবাদ এবং বিএনপি নেতা মওদুদ আহমদের মুক্তির দাবিতে নোয়াখালীতে অর্ধদিবস হরতাল ডেকেছিল স্বেচ্ছাসেবক দল।
হরতাল প্রত্যাহারের ঘোষণা দেয়ার আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকাল ৫টায় জেলা শহরের মফিজ প্লাজার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, জেলা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আজাদ প্রমুখ।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামটর থেকে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবুকে গ্রেপ্তার করে পুলিশ।
