নোয়াখালীতে রোববার অর্ধদিবস হরতাল
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে গ্রেপ্তারের প্রতিবাদ এবং বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের মুক্তির দাবিতে রোববার নোয়াখালীতে অর্ধদিবস হরতাল ডেকেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
শুক্রবার রাতে জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশে শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর বাংলামটর থেকে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবুকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে হরতালের সমর্থনে জেলা শহর মাইজদীতে মিছিল সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ জাফর উল্যা রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, বিএনপি নেতা অ্যাডভোকেট শাহাদাত হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবদুল করিম মুক্তা প্রমুখ।
এদিকে হরতালের কারণে রোববার অনুষ্ঠেয় সব পরীক্ষা স্থগিত করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক মো. মমিনুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানে হয়, ‘অনিবার্য কারণে’ রোববার অনুষ্ঠেয় বিশ্ববিদ্যালয়ের সব টার্ম চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
