টঙ্গীতে ফাটল আতংক, কারখানায় ছুটি
দেয়ালে ‘ফাটল আতংকে’ শ্রমিকরা কাজ বন্ধ করার পর গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় একদিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সাতাইশ এলাকায় ই এইচ ফেব্রিক্স লিমিটেডে শনিবার সকালে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও শ্রমিকরা জানায়।
শিল্প পুলিশের পরিদর্শক মো. মানিক জানান, কারখানার সাততলা ভবনের ষষ্ঠ তলার মেঝের ছয়টি টাইলস ওঠানো ছিল। সকাল ৮টার দিকে শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়ে-ওই মেঝেতে ফাটল দেখা দেয়ায় টাইলস ওঠানো হয়েছে।
এতে কারখানায় কর্মরত এক হাজার সাতশ’ শ্রমিক কাজ বন্ধ করে বের হয়ে যায়।
কারখানা কতৃপক্ষ বাংলাদেশ প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং বিজিএমইএ’র দেয়া ভবনের নিরাপত্তা ছাড়পত্র দেখিয়ে তাদের বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়।
পরে কর্তৃপক্ষ কারখানায় একদিনের ছুটি ঘোষণা করে।
কারখানার গ্রুপ মহাব্যবস্থাপক মো. আজিজুর রহমান সাংবাদিকদের বিজিএমইএ ও বুয়েটের নিরাপত্তা ছাড়পত্র দেখিয়ে বলেন, “শ্রমিকরা আতংকে বের হয়ে গেছে। তাদের সন্দেহ দূর করতে পুনরায় প্রকৌশলী দিয়ে পরীক্ষা করানোর ব্যবস্থা হচ্ছে।”
