গাজীপুরে ট্রাকের ধাক্কায় ২ স্কুটারযাত্রী নিহত
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই স্কুটারযাত্রী নিহত হয়েছেন। আহত হন স্কুটারটির অপর দুই যাত্রী।
শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নয়নপুর এলাকায় এ দুর্ঘটনায় নিহত হন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বাঘাইছুটি গ্রামের সোহাগ (২৬) ও মানিক (২৮)।
আহতরা হলেন- গফরগাঁওয়ের রৌহা গ্রামের গ্রামের আব্বাস আলীর ছেলে মর্তুজ আলী (২৮) ও শহীদনগর গ্রামের আলিউল্লাহর ছেলে মো. ওবায়দুল্লাহ (৩২)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুরের মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার হোসেন জানান, বেলা সোয়া ১১টার দিকে ময়মনসিংহগামী একটি ট্রাক মাওনা চৌরাস্তা পল্লী বিদ্যুত এলাকায় একটি স্কুটারকে ধাক্কা দিয়ে পালিয়ে যেতে থাকে।
এরপর স্থানীয়রা মোটরসাইকেল ও স্কুটার নিয়ে ওই ট্রাকটি আটকাতে পেছনে ধাওয়া করে।
এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি স্কুটারকে পলায়নরত ট্রাকটি ধাক্কা দিলে ঘটনাস্থলে চার স্কুটারযাত্রী আহত হন।
মাওনা চৌরাস্তায় আল হেরা হাসপাতালে নেয়ার পর দুজনের মৃত্যু হয়।
ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
