২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টয়লেটে দেয়াল ধসে মৃত্যু

গাড়িতে চড়ে বাড়ি যাওয়ার পথে যাত্রাবিরতির সময় একটি হোটেলের টয়লেটের দেয়াল ধসে এক নারী নিহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2013, 12:21 PM

Updated : 25 Apr 2022, 07:32 PM

শনিবার ভোররাতে সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকায় ‘বিসমিল্লাহ খাবার হোটেলে’ এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতের নাম নাসিমা খাতুন (১৫)। নারায়ণগঞ্জের একটি বস্ত্রকলের এই শ্রমিক নীলফামারীর ধরমিবাড়ি গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে।

সলঙ্গা থানার ওসি রাশেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাসিমাকে বহনকারী বাসটি শনিবার ভোর ৩টার দিকে সলঙ্গার ধোপাকান্দি এলাকায় ‘বিসমিল্লাহ হোটেলে’ যাত্রাবিরতি দিলে যাত্রীরা নেমে আসেন। নাসিমা হোটেলের টয়লেটের ভেতরে থাকা অবস্থায় এর দেয়ালটি ধসে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দমকল বাহিনীকে খবর দেয়া হলে তারা ধসে পড়া দেয়াল সরিয়ে লাশ উদ্ধার করে।

দুর্বল নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে দেয়াল ধসের ঘটনাটি ঘটেছে বলে পুলিশ ধারণা করছে। নিহতের স্বজনরা মামলা করলে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে, বলেন ওসি। 

ময়না তদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।