৩ ভাইয়ের জমি ভাগ করতে গিয়ে সালিশকারীসহ নিহত ২
কুমিল্লার লাকসাম উপজেলায় তিন ভাইয়ের মধ্যে জমি ভাগ করতে গিয়ে একজনের দায়ের কোপে সালিশকারী এক স্কুল শিক্ষকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার দৌলতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিন ভাই- আমির হোসেন, ইমাম হোসেন ও শাহ আলমের জমির ভাগবাটোয়ারা নিয়ে এই হতাহতের ঘটনা ঘটে।
সালিশের এক পর্যায়ে আমিরের দায়ের কোপে তার ভাতিজা সাগর (২২) এবং সালিশকারী আবদুর রহিম (৫৫) নিহত হন বলে লাকসাম থানার ওসি আবুল খায়ের জানান।
নিহত রহিম একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
হাসপাতাল নেয়ার পথে রহিম (৫৫) ও সাগরের (২২) মৃত্যু হয়। আহত অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
