২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসি কর্মকর্তাদের আন্দোলনের হুমকি

জাতীয় নির্বাচনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব বণ্টন এবং বঞ্চিতদের পদোন্নতি দিতে ২৬ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ইসির কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2013, 07:09 PM

Updated : 23 Aug 2022, 07:17 PM

নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কালোব্যাজ ধারণ ও অবস্থান কর্মসূচি পালন করবে তারা।

শুক্রবার সকালে বাংলাদেশ ইলেকশন কমিশন সার্ভিসেস অ্যাসোসিয়েশনের সভায় এ ঘোষণা দেয় তারা।

ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে কার্যনির্বাহী বৈঠক শেষে মহাসচিব আব্দুল অদুদ জানান, ইসির অনেক কর্মকর্তা দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত। সেই সঙ্গে দশম সংসদ নির্বাচনে ইসির কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়ার দাবি রয়েছে।

“২৬ নভেম্বরের মধ্যে এই দুই দাবি পূরণ না হলে ২৭ ও ২৮ নভেম্বর দেশের সব নির্বাচন অফিসে কর্মকর্তাদের কালোব্যাজ ধারণ এবং ১ ডিসেম্বর ইসি সচিবালয়ের সামনে প্রতীকী অবস্থান কর্মসূচি চলবে।”

তিনি জানান, বর্তমানে ইসি সচিবালয় ও মাঠপর্যায়ের সাত শতাধিক কর্মকর্তা রয়েছে। এরমধ্যে অভিজ্ঞতা বিবেচনায় আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের অনেককে সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেয়া সম্ভব।

ইসির যুগ্মসচিব জেসমিন টুলীর সভাপতিত্বে সংগঠনটির ২৫ জন কর্মকর্তা সভায় অংশ নেন।