৩২তম বিসিএসে আরো ৬ জনকে নিয়োগ
বত্রিশতম বিশেষ বিসিএসে উত্তীর্ণ আরো ছয়জনকে কারিগরি ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
স্বাস্থ্য ক্যাডারে এস এম আইউব হোসেন (রেজি-৫০০২০৬), কোহিনুর মোহাম্মদ লাইলী (রেজি-০০৮৭৫৪) ও মৌসুফা মৌরীকে (রেজি-০১৯৫২৭) নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া সাধারণ শিক্ষা ক্যাডারে শারমিন আখতার (রেজি-২০৪৮৮৪), এ কে এম রবিউল হাসান (রেজি-০৩১৯৩০) ও ফরিদা জেসমিন খান (০০২২৩৯) নিয়োগ পেয়েছেন।
আদেশে বলা হয়, প্রার্থীদের লোক প্রশাসন প্রশিক্ষণ বা সরকার নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অন্যূন চার মাসের বুনিয়াদি প্রশিক্ষণের পর তাদের চাকরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ন্যস্ত হবে। এদের শিক্ষানবিশকাল হবে দুই বছর।
গত ৮ অক্টোবর ৩২তম বিশেষ বিসিএসের গেজেট প্রকাশ করা হয়। এতে কারিগরি ক্যাডারে পদে ১ হাজার ৬১৯ জনকে নিয়োগ দেয়া হয়।
মুক্তিযোদ্ধা, নারী ও উপজাতীয় কোটায় নিয়োগের জন্য ২০১১ সালের ২৯ অক্টোবর ৩২তম বিশেষ বিসিএসের বিজ্ঞাপন প্রকাশ করে সরকারি কর্মকমিশন (পিএসসি)।
গত ১০ জানুয়ারি ওই পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ২ হাজার ৫৯২ জন উত্তীর্ণ হলেও ১ হাজার ৬৮০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করে পিএসসি।
সুপারিশকৃতদের মধ্যে ১ হাজার ৩৮৫ জন মুক্তিযোদ্ধা, ২০১ জন নারী এবং ৯৪ জন আদিবাসী কোটায় নিয়োগ পেয়েছেন।
