২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগ নেতার বাধায় চবিতে পরীক্ষা বন্ধ

নিজে পরীক্ষা দিতে না পেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির পরীক্ষা বন্ধ করলো এক ছাত্রলীগ নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2013, 08:52 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ওই বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের মাস্টার্স পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তার কিছুক্ষণ আগেই কয়েকজন সহযোগীসহ পরীক্ষার হলে তালা লাগিয়ে দেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান।

প্রথম দিন ৫০১ নম্বর কোর্সের পরীক্ষা দিতে হলে উপস্থিত সহপাঠীদের বের করে দেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির এই শিক্ষার্থী।

উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মোকতার আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিয়মিত ক্লাসে উপস্থিত না থাকায় এবং সময়মত পরীক্ষার ফরম পূরণ না করায় আশরাফুজ্জামান পরীক্ষায় অংশ নিতে পারেনি।”

তবে বিভাগীয় সভাপতিকে ‘জামায়াতপন্থী’ দাবি করে আশরাফুজ্জামান অভিযোগ করেন, ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় তাকে পরীক্ষায় অংশ নিতে দেননি তিনি।

তিনি দাবি করেন, উপাচার্যের ‘বিশেষ সুপারিশ’ থাকার পরও তাকে পরীক্ষা দিতে দেয়া হয়নি।

এবিষয়ে চবি প্রক্টর অধ্যাপক ড. খান তৌহিদ ওসমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টায় পরীক্ষা শুরুর কিছু আগে হলে তালা লাগিয়ে দেন আশরাফুজ্জামান। প্রায় একঘণ্টা পর সকাল ১১টার দিকে প্রক্টরিয়াল বডির সদস্যরা গিয়ে তালা খুলে দেয়।

উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবারের পরীক্ষাটি স্থগিত করা হয়েছে বলে প্রক্টর জানান।

উপস্থিত পরীক্ষার্থীদের কয়েকজন জানান, তালা লাগানোর সময় আশরাফুজ্জামানের সঙ্গে তার সহপাঠী ও চবি শাখার দপ্তর সম্পাদক জালাল আহমেদ, ছাত্রলীগ নেতা রুপন বিশ্বাস ও জনিসহ সাত-আটজনের একটি দল ছিল।