২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে আ’লীগের দুই নেতাকে কুপিয়েছে

সিরাজগঞ্জের বেলকুচিতে আওয়ামী লীগের দুই নেতাকে কুপিয়ে জখম করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2013, 06:40 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

আশঙ্কাজনক অবস্থায় তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরা হলেন উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সেরাজুল হক ও সাবেক ইউপি সদস্য এমদাদুল হকে লেবু।

বেলকুচি থানার ওসি আব্দুল হাই জানান, বুধবার রাতে নেতা সেরাজুল হক স্থানীয় মসজিদে নামাজ শেষে বাড়ি ফিরছিলেন।

এমন সময় জামায়াত-শিবির নেতাকমীরা তার উপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে বেলকুচি পরে সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করে।

এছাড়া একইদিন বিকেলে সাবেক ইউপি সদস্য এমদাদুল হক লেবুকে পিটিয়ে আহত করে জামায়াত-শিবির কর্মীরা।

এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলেও জানান ওসি।