২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিবি সদস্যকে চাপা দিল চোরাচালানির গাড়ি

সাতক্ষীরায় চোরাচালানের পণ্য আটক করতে গিয়ে গাড়িচাপায় এক বিজিবি সদস্য নিহত হয়েছেন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2013, 08:28 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

মঙ্গলবার রাতে সদর উপজেলার আলীপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে সীমান্ত রক্ষা বাহিনী জানিয়েছে।

নিহত বিজিবি সদস্যের নাম আব্দুল জব্বার (৩৬)।তার বাড়ি যশোরের মনিরামপুর উপজেলায়।

বুধবার নামাজে জানা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

তার সঙ্গে আহত হন হাবিলদার আব্দুর রশিদ। তিনি ঝালকাঠী জেলার বাসিন্দা।

৩৮ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর আনোয়ারুল মাযহার সাংবাদিকদের বলেন, ভারতে পাচারের জন্য রসুন নিয়ে রওনা হওয়া চোরাকারবারিদের একটি গাড়ি আটকাতে গিয়ে জব্বার নিহত এবং রশিদ আহত হন।

তিনি বলেন, একটি পিকআপ ভ্যান রসুন নিয়ে সীমান্ত এলাকায় নিয়ে যাচ্ছিল বলে খবর আসে। তা শুনে ভোমরা ক্যাম্পের হাবিলদার রশিদ ও বিজিবি সদস্য জব্বার একটি মোটর সাইকেলে চেপে আলীপুর গ্রামের পাকা রাস্তার ওপর অবস্থান নেয়।

“শহরের দিক থেকে আসা পিকআপ ভ্যানটি থামার সঙ্কেত দেন তারা। কিন্তু চোরচালানিদের ওই গাড়ি না থেমে বিজিবি সদস্যদের চাপা দিয়ে পালিয়ে যায়।”

অতিরিক্ত রক্তক্ষরণে জব্বার ঘটনাস্থলেই মারা যান। রশিদকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হয়। পরে তাকে যশোর সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

সাতক্ষীরা সদর থানার ওসি এনামুল হক জানান, নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

সাতক্ষীরা ৩৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমাম আহসান সাংবাদিকদের জানান, বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা শহরে মাগুরা-তালতলা এলাকায় ৩৮ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বিজিবির একটি দল আব্দুল জব্বারের মরদেহ তার গ্রামের বাড়ি যশোরের কোদলাপাড়া নিয়ে যায়। বিকালে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

আব্দুল জব্বার ১৯৭৯ সালের ২০ জুন যশোরের কোদলাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ২০০০ সালের ২৩ মার্চ তিনি বিজিবিতে (সাবেক বিডিআর) যোগদান করেন।