২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে মাদক মামলায় পাঁচ জন দণ্ডিত

মাদারীপুরের আদালতে দুটি মাদক মামলায় পাঁচ ব্যক্তির জেল ও জরিমানা হয়েছে।  

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2013, 08:02 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

বুধবার জেলা ও দায়রা জজ বিমলচন্দ্র সিকদার প্রত্যেককে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাদের প্রত্যেককে আরো এক মাসের সশ্রম কারাভোগ করতে হবে।

মাদক বিক্রির দায়ে দণ্ডিত মাসুদ সিকদার (২৮) মাদারীপুর সদরের রায়েরকান্দি শ্রীনদী গ্রামের ছলেমান সিকদারের ছেলে।

মাদক বহন মামলায় সাজাপ্রাপ্ত রুহুল আমিন ওরফে নুহু (৩০), শহীদ মোড়ল (২৮), মো. শহিদুল ইসলাম (২৭) ও মো. শরিফুল ইসলাম (৩০) যশোরের শার্শা ও বেনাপোল পোর্ট এলাকার বাসিন্দা।

এই পাচঁ আসামির মধ্যে মাসুদ সিকদার ছাড়া বাকি চারজন পলাতক বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মাদারীপুর আদালতের আইনজীবী সুজিত চ্যাটার্জী বাপ্পি।

মামলার নথি থেকে জানা গেছে, ২০০৭ সালের ১২ ফেব্রুয়ারি সদর থানা পুলিশ মাসুদ সিকদারকে তার নিজ বাড়ি থেকে ৬০ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করে।

অপরদিকে ২০০৭ সালের ২৫ অগাস্ট শিবচর উপজেলার হাজী শরীয়তউল্লাহ ব্রিজ এলাকা থেকে রুহুল আমিন, শহীদ, শহিদুল  ও শরিফুলকে ফেনসিডিলের ৩০টি বোতল ও খোলা আরো ৭ লিটার ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে জামিনে গিয়ে তারা পলাতক থাকেন।