স্বরূপকাঠিতে কলেজছাত্রী ‘খুন’
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায় নিখোঁজের একদিন পর এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার জগন্নাথকাঠির বালিবাড়ি খালে হালিমার (১৭) ভাসমান লাশ পাওয়া যায়।
হালিমা স্থানীয় স্বরূপকাঠি ফজিলা রহমান মহিলা কলেজের একাদশ শ্রেণির ১ম বর্ষের ছাত্রী ছিলেন।
হালিমার বাবা সিরাজুল ইসলাম জানান, গত সোমবার হালিমা কলেজে গিয়ে আর বাড়িতে ফেরেননি।
ওই রাতে হালিমা তার মোবাইল ফোন থেকে বাড়ির একটি মোবাইল ফোনে একটি ম্যাসেজ পাঠান, যেখানে লেখা ছিল- “খালাত বোন সুমনার ফুফাত ভাই ও তার বন্ধুরা আমাকে জোর করে নিয়ে গেছে, আমাকে বাঁচান।”
কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ব্যাপারে হালিমার বাবা বাদী হয়ে স্বরূপকাঠি থানায় একটি হত্যা মামলা দয়ের করেছেন।
স্বরূপকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে, ওই ছাত্রীকে অপহরণের পর হত্যা করা হয়েছে। মামলার আসামিদের ধরতে পুলিশ তদন্ত শুরু করেছে।
