২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের রাতে সীতাকুণ্ডে আট গাড়িতে আগুন

হরতালের রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটটি যানবাহনে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2013, 10:41 AM

Updated : 25 Apr 2022, 07:31 PM

মঙ্গলবার গভীর রাতে উপজেলার বাড়বকুণ্ড থেকে বড় দারোগার হাট পর্যন্ত বিভিন্ন স্থানে এসব গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরতালের কারণে রাত ১২টার পর থেকে রপ্তানিপণ্যসহ বিভিন্ন পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান পুলিশি পাহারায় চলাচলের ব্যবস্থা করা হয়।

এরই মধ্যে মহাসড়কের বিভিন্ন স্থানে হরতাল সমর্থকরা যানবাহনে হামলা চালায়। তারা মাছ বহনকারী একটি পিক আপ ও রাস্তার পাশে দাঁড়ানো খালি ট্রাকসহ কয়েকটি গাড়িতে আগুন দেয় বলে পুলিশ কর্মকর্তা শহীদুল্লাহ জানান।

সহকারী পুলিশ সুপার সৈয়দ ইকবাল আলী জানান, রাতে পণ্যবাহী ট্রাক পারাপারের সময় পুলিশের দিকেও ঢিল ছোড়ে হরতাল সমর্থকরা। বিভিন্ন স্থানে মোট আটটি গাড়ি তারা পুড়িয়ে দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে।