গোপালপুরে আ. লীগ-বিএনপি সংর্ঘষ, ১৪৪ ধারা জারি
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছে।
মঙ্গলবার সকালে এ ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতির কারণে দুপুরের পর থেকে অনির্দিষ্টকালের জন্য গোপালপুর পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
সংঘর্ষে আহতদের মধ্যে দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের ভর্তি করা হয় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে।
গোপালপুর থানার ওসি মো. জসীম উদ্দিন সরকার জানান, সকাল ১০টার দিকে বিএনপি নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিল নিয়ে আভূঙ্গী তামাকপট্টি আসে।
একই সময় আওয়ামী লীগ সমর্থকরা হরতাল বিরোধী মিছিল বের করলে দুপক্ষের সংঘর্ষ বাধে।এতে দুপক্ষের অন্তত ১৩ জন আহত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে।
ওসি আরো বলেন, সংঘাত এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুপুর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা ইসলাম জানান, পৌর এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটছে। সংঘর্ষ এড়াতে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিজিবির টহলও চলছে।
