২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনূসের সংবর্ধনা প্রতিহতের ঘোষণা মুক্তিযোদ্ধাদের

নিউ ইয়র্কে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সংবর্ধনার আয়োজকরা যুদ্ধাপরাধের বিচারের বিপক্ষে বক্তব্য দেয়ায় ওই সংবর্ধনা সভা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী মুক্তিযোদ্ধারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2013, 06:13 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদ ও যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুবকমান্ড।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মুক্তিযোদ্ধা যুবমান্ডের সেক্রেটারি শাহীন ইবনে দিলওয়ার।

গণসংবর্ধনা কমিটির আহ্বায়কের নাম উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে জামায়াত-শিবিরের লোকজনের সভা-সমাবেশে অংশ নিয়ে শওকত আলী বক্তৃতা ট্রাইব্যুনালকে অবৈধ বলেছেন এবং ‘রাজনৈতিক প্রতিহিংসাপরায়ন হয়ে’ বিরোধী দলীয় নেতাদের টার্গেট করে বিচার চলছে বলে মন্তব্য করেছেন।

এছাড়া কয়েকটি সমাবেশে তিনি গণআদালত স্থাপন করে শেখ হাসিনার বিচারের হুমকি দেন বলেও সংবাদ সম্মেলনে বলা হয়।

বৈশ্বিক দারিদ্র্য মোকাবেলায় প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ কংগ্রেসনাল গোল্ড মেডেল পাওয়ায় মুহাম্মদ ইউনূসকে ১৯ নভেম্বর নিউইয়র্কে এই নাগরিক সংবর্ধনা দেয়ার কথা রয়েছে। সংবর্ধনা আয়োজনের জন্য যুক্তরাষ্ট্রপ্রবাসী শওকত আলীকে আহ্বায়ক ও আবু তাহেরকে সদস্য সচিব করে ১৪১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

লিখিত বক্তব্যে বলা হয়, “ড. ইউনূসের ওই সংবর্ধনা কোনোভাবেই ‘যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি নাগরিক সমাজের’ ব্যানারে হতে পারে না। কারণ প্রবাসের ৯০ শতাংশ বাংলাদেশিই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিতরা জামাত-শিবিরের পৃষ্ঠপোষকের সংবর্ধনায় শরিক হতে পারে না।

“ড. ইউনূসের ওই সংবর্ধনার আয়োজক-ব্যানার হিসেবে জামাত-শিবির অথবা বিএনপি হলে আমাদের আপত্তি থাকবে না। অন্যথায় আমরা সংবর্ধনার সময় বাইরে প্রতিবাদ সমাবেশ করতে বাধ্য হবো। গণসংবর্ধনার নামে জামাত-শিবিরের পারপাস সার্ভ করতে দেয়া হবে না কাউকে।”

ওই সমাবেশের জন্য কর্তৃপক্ষের অনুমতিও নেয়া হবে বলেও জানানো হয়।

‘ড. ইউনূসের দেশদ্রোহী কার্যকলাপ এবং যুদ্ধাপরাধীদের পক্ষ নেয়ার প্রতিবাদে’ ডাকা সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন মুক্তিযোদ্ধা যুবকমান্ডের সভাপতি জাকারিয়া চৌধুরী।

তিনি বলেন, “নোবেল পুরস্কার, কংগ্রেসনাল গোল্ড মেডেল ও প্রেসিডেন্সিয়াল গোল্ড মেডেল পাওয়ায় ব্যক্তি ইউনূসকে আমরা এতদিন শ্রদ্ধা করলেও তার সাম্প্রতিক কর্মকাণ্ড জামায়াত-বিএনপির পরিপূরক বলে জাতির কাছে স্পষ্ট হয়ে উঠেছে।

“তিনি আমেরিকায় আসছেন জামায়াত-শিবির সম্পৃক্ত লোকজনের সংবর্ধনা নিতে এবং একই সঙ্গে দেশের বিরুদ্ধে জট পাকানোর ষড়যন্ত্র করতে।”

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক নূরনবী কমান্ডার, জাকারিয়া চৌধুরী ও মুক্তিযোদ্ধা আকতার আহমেদ চৌধুরী।

নূরনবী বলেন, মহান শহীদ দিবসে সমগ্র বাঙালি জনগোষ্ঠি শহীদ মিনারে শ্রদ্ধা জানান, বিজয় দিবসে জড়ো হন জাতীয় স্মৃতিসৌধে। কিন্তু আজ অবধি ড. মুহম্মদ ইউনূসকে একদিনও শহীদ মিনার কিংবা জাতীয় স্মৃতিসৌধে দেখা যায়নি।

এসময় আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের এ বি সিদ্দিক, মুক্তিযোদ্ধা যুবকমান্ডের উপদেষ্টা মাসুদুল হাসান, সাইফুল ইসলাম রহিম, জয়নাল আবেদীন, মহিউদ্দিন দেওয়ান, আবুল হাসিব মামুন, ওহিদুর রহমান মুক্তা, হাজী নিজামউদ্দিন, আনোয়ার হোসেন, আমিনুল ইসলাম কলিন্স, রুহেল চৌধুরী ও দরুদ মিয়া রনেল।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের উপস্থিতি ছিল লক্ষণীয়।

পুরনো খবর:

নিউ ইয়র্কে সংবর্ধনা পাবেন ইউনূস