সাতক্ষীরায় হামলার ১০ দিন পর ব্যবসায়ীর মৃত্যু
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় হামলার ১০ দিন পর এক চিংড়ি ঘের ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মৃত আসাদুল্লাহ আল গালিব (৫৫) উপজেলার গাবুরা গ্রামের বাসিন্দা।
গত ৩ নভেম্বর তিনি হামলায় গুরুতর আহত হন। সোমবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শ্যামনগর থানার ওসি ছগির মিয়া সাংবাদিকদের জানান, চিংড়িঘের নিয়ে বিরোধের কারণে একই গ্রামের আব্দুল মজিদ মেম্বারের সঙ্গে দীর্ঘদিন ধরে গালিবের বিরোধ চলে আসছিল।
গত ৩ নভেম্বর বাড়ি থেকে শ্যামনগর সদরে যাওয়ার সময় খলিসাবুনিয়া এলাকায় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে রক্তাক্ত জখম করে। গালিবের হাত ও পাও ভেঙে যায়।
তাকে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় আসাদুল্লাহ আল গালিবের ভাগ্নে এবাদত হোসেন বাদী হয়ে মজিদ মেম্বারসহ ১৫ জনের বিরুদ্ধে শ্যামনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ এ ঘটনায় জড়িত অভিযোগে গাবুরা গ্রামের আব্দুল জব্বার, হবি মোড়ল, তরিকুল ইসলাম ও আলী হোসেন সরদারকে গ্রেপ্তার করেছে।
