২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পতেঙ্গায় আন্তর্জাতিক সামাজিক শিল্প কর্মশালা

চট্টগ্রামের দক্ষিণ পতেঙ্গার পোড়াপাড়া স্পেস ফর আর্টিস্টে শুরু হয়েছে তিন সপ্তাহের আন্তর্জাতিক সামাজিক শিল্প কর্মশালা।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2013, 05:46 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মশালার বিভিন্ন দিক জানানো হয়। ৭ নভেম্বর শুরু হওয়া কর্মশালাটি চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।

পোড়াপাড়া স্পেস ফর আর্টিস্ট এবং ফিনল্যান্ডের এমইউইউ নামের দুটি প্রতিষ্ঠানে যৌথভাবে ‘ফ্লোটিং পিয়ারস ২০১৩’ নামের এ কর্মশালার আয়োজন করে।

সংবাদ সম্মেলনে কর্মশালার সমন্বয়কারী আবু নাসের রবি বলেন, এবারে কর্মশালায় বাংলাদেশ, ভারত, ফিনল্যান্ড, জাপান, নেপাল ও দক্ষিণ কোরিয়ার সামাজিক শিল্প চর্চাকারী মোট ৩৮ জন শিল্পী অংশ নিচ্ছেন।

“সামাজিক শিল্প চর্চা একটি নতুন পরীক্ষামূলক শিল্পমাধ্যম। এখানে শিল্পীরা সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে সামাজিক পরিবর্তনের লক্ষে কাজ করেন।”

সংবাদ সম্মেলনে জানানো হয় কর্মশালার অংশ হিসেবে ২২ নভেম্বর দক্ষিণ পতেঙ্গার পোড়াপাড়ায় স্থানীয়দের সঙ্গে পুনর্মিলনী, ২৪ নভেম্বর চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটে শিক্ষার্থীদের জন্য সেমিনার এবং ২৫ নভেম্বর চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে নন্দনতাত্ত্বিক সেমিনার আয়োজন করা হবে।

সংবাদ সম্মেলনে এমইউইউ’র পক্ষে উপস্থিত ছিলেন শিল্পী জেপি কালজোনেন।

এছাড়া কর্মশালায় অংশগ্রহণকারী দেশ-বিদেশি শিল্পীরাও তাদের পরিচিতি তুলে ধরেন।