২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাতার এয়ার কার্যালয়ে আগুন বৈদ্যুতিক গোলযোগ থেকে

গুলশানে কাতার এয়ারওয়েজের কার্যালয়ে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছিল বলে জানিয়েছে অগ্নি নির্বাপক বাহিনী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2013, 05:29 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

সোমবার রাত ১০টার দিকে গুলশান ১ নম্বরের কাছে তাজ ক্যাসিলিনা নামের একটি ভবনের ষষ্ঠ তলায় আগুন লাগে। ওই ভবনে কাতার এয়ারওয়েজের কার্যালয় ছাড়াও গ্যালাক্সি ট্যুর অ্যান্ড ট্রাভেলস, থাই ভিসা এজেন্সিসহ বেশ কয়েকটি অফিস রয়েছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা নিলুফার ইয়াসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওইদিন আগুনের সূত্রপাত হয়।”

তিনি জানান, আগুনের খবর পেয়ে রাত ১০টা ১০ এ অগ্নি নির্বাপক কর্মীরা দল ঘটনাস্থলে পৌঁছায়। ছয়টি ইউনিটের সম্মিলিত চেষ্টায় ২টা ৪০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

তবে ওই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে অগ্নি নির্বাপক কর্মীরা এখনো নিশ্চিত হতে পারেননি বলে জানান তিনি।

কাতার এয়ারওয়েজের এজেন্ট তৌফিক উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ৯টা পর্যন্ত অফিসে ছিলাম। আমি বের হয়ে যাওয়ার পরপরই ঘটনা ঘটে। তবে রাতে অফিসে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।”

“তবে অফিসের প্রায় ৮০ শতাংশ কাগজপত্র সব পুড়ে ছাই হয়ে গেছে। মূলত ভবনের সামনে দিকটাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পেছনের দিকে তেমন কোনো সমস্যা হয়নি।”