২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে শিবির-পুলিশ সংঘর্ষ, আহত ১৫

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা ৮৪ ঘণ্টার হরতালের তৃতীয় দিন টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু এলাকায় শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশসহ ১৫ জন আহত হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2013, 04:04 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ভূঞাপুর উপজেলার সারপলশিয়া এলাকায় বঙ্গবন্ধু সেতু সড়কে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জামায়াত-শিবিরের কর্মীরা সারপলশিয়াতে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়ক অবরোধ করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশের লাঠিপেটায় তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

জামায়াত-শিবিরকর্মীরা আবার জড়ো হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

প্রায় আধাঘণ্টাব্যাপী চলে শিবির-পুলিশের এই ধাওয়া-পাল্টা ধাওয়া।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি হারেচ আলী মিয়া বলেন, জামায়াত-শিবিরকর্মীরা সড়ক অবরোধ করে রেখেছিল। পুলিশ তাদের সেখান থেকে চলে যেতে বললে তারা পুলিশের উপর চড়াও হয়।

পুলিশ বাধ্য হয়ে লাঠিপেটা, কাঁদানে গ্যাস ও শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, সংঘর্ষে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই সরোয়ার হোসেন, এএসআই তাপস চন্দ্র দাস, ভুঞাপুর থানার কনস্টেবল জিহানুর ইসলামসহ অন্তত ১৫ জন আহত হন।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।