ফরিদপুরে নবিশ চিকিৎকদের ধর্মঘট স্থগিত
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকদের তিন দফা দাবিতে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে।
সোমবার হাসপাতালের তত্ত্বাবধায়ক, মেডিকেল কলেজের অধ্যক্ষ ও বিএমএ নেতাদের সঙ্গে জরুরি বৈঠকের পর ধর্মঘটকারীরা এ সিদ্ধান্ত নেন।
সকাল সাড়ে ১০টায় হাসপাতালের মিলনায়তনে এ সভার সিদ্ধান্ত অনুযায়ী দুপুর ১২টা থেকে ধর্মঘট প্রত্যাহার করেন তারা।
ইন্টার্ন (শিক্ষানবিশ) চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল বলেন, আমাদের দাবিগুলো পূরণের জন্য কর্তৃপক্ষ সাত দিন সময় চেয়ে ধর্মঘট স্থগিত করার অনুরোধ জানায়। আমরা তা মেনে নিয়েছি।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটো বলেন, ইন্টার্ন চিকিৎসকরা দাবি পূরণের আশ্বাস পেয়ে ধর্মঘট স্থগিত করেছেন।
গত শুক্রবার রাত ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মো. ফরিদউদ্দিনকে লাঞ্ছিত করে বহিরাগতরা।
শনিবার সকালে শিক্ষানবিশ চিকিৎসকরা হাসপাতালের তত্ত্বাবধায়ক এ বি এম শামসুল আলমের সঙ্গে দেখা করে ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। কিন্তু দাবি পূরণ না হওয়ায় রোববার থেকে তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেন তারা।
