সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন জয়
সাম্প্র্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে নানা প্রশ্নের জবাব দিতে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।
প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী মঙ্গলবার বিকাল ৩টায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠান হবে।”
নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের একের পর এক হরতাল, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বোমাবাজি ও সংঘর্ষে প্রাণহানির ঘটনায় উদ্বেগ-উৎকণ্ঠায় দেশবাসী।
এর প্রতিক্রিয়ায় গত রোববার বিকেলে এক ফেইসবুক স্ট্যাটাসে জয় লেখেন, “সরকার বেশ কিছু বিএনপি নেতাকে আটক করেছে। সামনের সপ্তাহের হরতালে বোমা হামলা ও অগ্নিসংযোগ সংগঠিত করার সুনির্দিষ্ট প্রমাণ আছে বলেই তাদের গ্রেপ্তার করা হয়েছে।”
তার দুদিন আগে সিলেটে আওয়ামী লীগের এক সভায় হরতাল প্রত্যাহার করে বিরোধী দলকে আলোচনায় আসার আহ্বান জানান সজীব ওয়াজেদ। নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিং এলাকা সফর করেন তিনি।
