বগুড়ায় রেল লাইনে নাশকতা, ট্রেন চলাচল ব্যাহত
বিরোধী দলের হরতালের মধ্যে গভীর রাতে বগুড়ায় রেল লাইন উপড়ে ফেলায় প্রায় সাড়ে তিন ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।
বগুড়া রেল স্টেশনের মাস্টার মঞ্জুরুল ইসলাম জানান, রোববার রাত সাড়ে ১২টার দিকে শহরের কৈচর এলাকায় ১১ ফুট রেললাইন উপড়ে ফেলে দুর্বৃত্তরা। রেললাইন মেরামত শেষে রাত ৩টার দিকে ফের ট্রেন চলাচল শুরু হয়।
এদিকে হরতালের দ্বিতীয় দিন সকালে বগুড়ায় হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল সমর্থকরা। কয়েক জায়গায় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়াও হয়েছে তাদের।
পুলিশের এএসপি (মিডিয়া) গাজিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকাল ৯টার দিকে শহরের কলোনি এলাকায় পুলিশকে লক্ষ্য করে ৮/১০টি ককটেল ছুড়ে মারে হরতালকারীরা। পরে রাবার বুলেট ও কাঁদুনে গ্যাসের শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই রাউন্ড কাঁদুনে গ্যাসের শেল এবং ১২ রাউন্ড রাবার বুলেট ছোড়ে পুলিশ।
এদিকে পাবনার ঈশ্বরদীতে হরতালের প্রথম দিনে ট্রেন লাইন কেটে ফেলার ঘটনায় সিরাজগঞ্জ জিআরপি থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।
সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি আকবর হোসেন জানান, রোববার সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে মামলাটি করেন রেলওয়ের ক্রয় কর্মকর্তা আব্দুল মান্নান।
ওসি জানান, রোববার ভোর সাড়ে ৩টার দিকে হরতাল সমর্থকরা ঈশ্বরদী বাইপাস রেললাইনের শ্রীরামবাড়ি এলাকায় ১৫ ইঞ্চি লাইন কেটে ফেলে। এ কারণে প্রায় ৯ ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল চলাচল বন্ধ থাকে।
আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
