২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিকেটারদের ধাওয়ায় দুর্ঘটনা, নিহত ১

ফেনীর দাগনভূঁইঞায় পিকেটারদের ধাওয়ার পর পালাতে গিয়ে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় এক প্রবাসী নিহত এবং তিনজন আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2013, 09:14 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনায় নিহত হন মো. ইলিয়াস (৬০) নোয়াখালীর কোম্পনীগঞ্জের মেহেরুননেছা এলাকায়। তিনি দুবাই থেকে বাড়ি আসছিলেন।

দাগনভূঞা থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, রোববার সকালে ঢাকা থেকে দুবাই প্রবাসী তিন যাত্রী ও এক হাজীকে নিয়ে একটি অ্যাম্বুলেন্স নোয়াখালীর কোম্পানীগঞ্জে রওয়ানা হয়।

সন্ধ্যায় ফেনী-নোয়াখালী মহাসড়কের দাগনভূঁইঞার মুক্তার বাড়ির দরজা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা দিয়ে অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই ইলিয়াসের মৃত্যু হয় বলে জানান ওসি নিজাম উদ্দিন।

এ দুর্ঘটনায় আহতরা হলেন দুবাই প্রবাসী কোম্পানীগঞ্জের এয়ারপুর বটতলার রাশু মিয়ার ছেলে সিরাজ উদ্দিন, পেশকার হাট চরকাকড়ার মনির আহম্মদের ছেলে হাফিজ আহম্মেদ এবং ঘোষ হাট এলাকার হাজী আবুল হোসেন।

হাসপাতালে চিকিৎসাধীন আহত হাফিজ আহম্মেদ জানান, তাদের অ্যাম্বুলেন্সটি লাকসাম রোডে পিকেটারদের ধাওয়ার মুখে পড়ে। এ সময় পালাতে গিয়ে দুই-তিনটি রিকশাকে ধাক্কা দেয়।  

পরে চৌমুহানী জমিদার হাটের রাস্তায়ও পিকেটাররা তাদের ধাওয়া করে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাছের সঙ্গে ধাক্কা লাগে অ্যাম্বুলেন্সটির।

আহতদের মধ্যে হাজী আবুল হোসেনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে দাগনভূঁইঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।