যুদ্ধাপরাধের ১৮ অভিযোগ কায়সারের বিরুদ্ধে
সাবেক প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির নেতা সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে একাত্তরে নয় ধরনের মানবতাবিরোধী অপরাধের ১৮টি অভিযোগ আনছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
এর মধ্যে হত্যা, গণহত্যা, নির্যাতন, আটক, ধর্ষণ, মুক্তিপণ আদায়, অগ্নিসংযোগ ও ষড়যন্ত্রের অভিযোগও রয়েছে।
প্রসিকিউটর আল মালুম ও তুরিন আফরোজসহ কয়েকজন প্রসিকিউটর রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এই অভিযোগপত্র জমা দেন।
গত ২৩ সেপ্টেম্বর প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর কাছে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন এ মামলার তদন্ত কর্মকর্তা মনোয়ারা বেগম।
২১ মে কায়সারকে হাসপাতাল থেকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
গত ৪ আগস্ট সৈয়দ কায়সারকে শর্তসাপেক্ষে জামিন দেয় ট্রাইব্যুনাল।
তদন্ত সংস্থা জানায়, গত বছরের ২৮ মার্চ কায়সারের বিরুদ্ধে তদন্ত শুরু করেন তদন্ত কর্মকর্তা মনোয়ারা বেগম। ৮১ জনের জবানবন্দি শুনে এ বছর ২১ সেপ্টেম্বর তদন্ত শেষ করেন তিনি।
সৈয়দ কায়সারের বাবা সৈয়দ সঈদউদ্দিন ১৯৬২ সালে সিলেট-৭ আসন থেকে কনভেনশন মুসলিম লীগের এমএলএ নির্বাচিত হন। সৈয়দ কায়সার ১৯৭০ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
১৯৭১ সালে দখলদার পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগিতায় ৫০০ থেকে ৭০০ ‘স্বাধীনতাবিরোধীকে’ নিয়ে ‘কায়সার বাহিনী’ গঠন করেন এই মুসলিম লীগ নেতা। তিনি নিজে ছিলেন এ বাহিনীর প্রধান।
তদন্ত সংস্থা জানায়, সৈয়দ কায়সার পাকিস্তানি সেবাবাহিনীকে পথ দেখিয়ে বিভিন্ন গ্রামে নিয়ে স্বাধীনতার পক্ষের লোক এবং হিন্দু সম্প্রদায়ের ওপর দমনাভিযান চালাতেন। পরে স্বাধীনতার ঠিক আগে তিনি আত্মগোপন করেন।
১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর ১৯৭৮ সালে আবারো রাজনীতিতে সক্রিয় হন কায়সার। ১৯৭৯ সালে দ্বিতীয় সংসদ নির্বাচনে সিলেট-১৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হন তিনি।
পরে জিয়াউর রহমানের সময়ে তিনি বিএনপিতে যাগ দেন এবং হবিগঞ্জ বিএনপির সভাপতি হন। এরশাদের সময়ে তিনি যোগ দেন জাতীয় পার্টিতে। ১৯৮৮ সালে হবিগঞ্জ-৪ আসন থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচন করে সংসদ সদস্য হন।
