চট্টগ্রামে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ আহত
চট্টগ্রামে পুলিশ হত্যা মামলার আসামি ধরতে গিয়ে সন্ত্রাসী হামলায় তিন পুলিশ আহত হয়েছে।
শনিবার ভোরে নগরীর আমবাগান পূবালী মাঠ এলাকায় আসামি ধরতে গেলে হামলার শিকার হয় পুলিশ।
এ সময় গুলিবিদ্ধ অবস্থায় ওই মামলার আসামি সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। সুমনের কাছ থেকে একটি এলজি, একটি ছোরা, চার রাউন্ড কার্তুজ ও তিনটি বিয়ার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর রাতের দিকে পূবালী মাঠে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
এছাড়া হামলায় আহত সহকারী উপ পরিদর্শক (এএসআই) মাসুসুর রহমান, কনস্টেবল মিজান ও ফয়েজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
গ্রেপ্তার সুমনও চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে তিনি জানান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আহতদের মধ্যে এএসআই মাসুসুরের কাঁধের হাড় ভেঙ্গে গেছে।”
এর আগে এ মামলার তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
গত রোববার সকালে নগরীর আম বাগান এলাকায় ছিনতাই করার সময় বাধা দেয়ায় চার পুলিশের উপর ধারালো ছুরি দিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা।
এতে কনস্টেবল আবদুল কাইয়ূম মারা যায় ও আহত হয় বাকি তিন পুলিশ সদস্য।
ঘটনার পরদিন পুলিশ বাদি হয়ে ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও আটজনকে আসামি করে ডাকাতি ও খুনের অভিযোগে মামলা করে।
