মজুরি ৮ হাজারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ
ন্যূনতম মজুরি আট হাজার টাকা করার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা।
শুক্রবার বিকেলে নগরীর ইপিজেড মোড়ে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি ও শ্রমিক অধিকার রক্ষা সামাজিক কমিটি নামে দুটি সংগঠন এ সমাবেশের আয়োজন করে।
শ্রমিকদের ন্যূনতম মজুরি আট হাজার টাকা, অপারেটরদের সাড়ে ১০ হাজার টাকা এবং নিটিং অপারেটর ও টেক্সটাইল শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার টাকা করার দাবি জানানো হয় সমাবেশ থেকে।
আগামী ১৮ নভেম্বরের মধ্যে দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুমকিও দেন শ্রমিক নেতারা।
সমাবেশে ট্রেড ইউনিয়ন ফেডারেশনের আহ্বায়ক ছিদ্দিকুল ইসলাম, বাংলাদেশ গামেন্টস শ্রমিক সংহতির আহ্বায়ক হাসান মারুফ রুমি, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সভাপতি নাসির উদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশ শেষে একটি মিছিল ইপিজেড মোড় থেকে একটি মিছিল শুরু করে কর্ণফুলী ইপিজেড ঘুরে পুনরায় ইপিজেড মোড়ে এসে শেষ হয়।
সমাবেশকে ঘিরে ইপিজেডসহ চট্টগ্রামের বিভিন্ন শিল্প এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়।
