২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যূনতম মজুরি ৮ হাজার টাকার দাবি

নারায়ণগঞ্জ, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মজুরি বোর্ড প্রস্তাবিত পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি পাঁচ হাজার তিনশ’ টাকা বাস্তবায়নে গার্মেন্টস মালিকরা নাটক করছেন বলে অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2013, 06:31 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

মজুরি বোর্ডের এ প্রস্তাব গ্রহণযোগ্য নয় উল্লেখ করে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ন্যূনতম মজুরি আট হাজার টাকা করার দাবি জানিয়েছে।

শুক্রবার ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা শাখার সম্মেলনে এ দাবি জানানো হয়।

বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাহমুদ হাসানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম সভাপতি মোশরেফা মিশু, গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদের সমন্বয়ক রফিকুল ইসলাম পথিক, জাতীয় ন্যূনতম মজুরি বোর্ড (পোশাক শিল্প) সদস্য সিরাজুল ইসলাম, আমরা নারায়ণগঞ্জবাসীর সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মন্টু, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল বলেন, মজুরি বোর্ডে প্রস্তাবিত শ্রমিকের ন্যূনতম মজুরি পাঁচ হাজার ৩শ’ টাকা নিয়ে নাটক করছে গার্মেন্টস মালিকেরা।

তাদেরকে এমন নাটক না করে শ্রমিকের বেঁচে থাকার মত ন্যূনতম মজুরি আট হাজার টাকার দাবি মেনে নেয়ার আহবান জানান তিনি।

গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদের সমন্বয়ক রফিকুল ইসলাম পথিক বলেন, মজুরি বোর্ডের প্রস্তাবিত পাঁচ হাজার ৩শ’ টাকা শ্রমিকের বেঁচে থাকার মজুরি নয়। এই মজুরি দিয়ে উৎপাদনশীলতা ধরে রাখা যাবে না।

গার্মেন্টস ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু বলেন, মজুরি বোর্ড ৫ হাজার ৩শ’ টাকা মজুরির যে প্রস্তাব দিয়েছে, তা গ্রহণযোগ্য নয়; শ্রমিকদের বাঁচার মতো মজুরি নয়।

“এ মজুরি প্রস্তাব আমরা প্রত্যাখ্যান করছি এবং বাঁচার মতো মজুরিসহ শ্রমিকদের অন্যান্য দাবি পূরণে শ্রমিকদের আন্দোলন অব্যাহত থাকবে,” বলেন তিনি।

জাতীয় ন্যূনতম  মজুরি বোর্ড (পোশাক শিল্প) সদস্য  সিরাজুল ইসলাম রন বলেন, প্রস্তাবিত খসড়া মজুরি নিয়ে গার্মেন্টস মালিকেরা টালবাহানা করছে। এ প্রস্তাবকে আটকে দেয়ার চেষ্টা করছে। তাই গার্মেন্টস শ্রমিকদের এ ব্যাপারে সজাগ থাকতে হবে।

সম্মেলনে মাহমুদ হোসেনকে সভাপতি, নাজমুল হাসান নান্নুকে কার্যকরী সভাপতি এবং সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা কমিটি ঘোষণা করা হয়।

এর আগে সম্মেলনরে উদ্বোধন করেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল।