বাস থেকে পড়ে মৃত্যু, হত্যার অভিযোগ
ঢাকা-রংপুর মহাসড়কে গাইবান্ধার সাদুল্লাপুরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে এক যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার সকালে এ ঘটনায় মৃত বাসযাত্রী মো. আল আমিন (২৫) সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক রুহিয়া গ্রামের মো. মুন মিয়ার ছেলে।
এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ধাপেরহাট এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক প্রায় দুইঘণ্টা অবরোধ করেছে।
সাদুল্লাপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, গাইবান্ধা থেকে কুড়িগ্রাম যাচ্ছিল রাকিব পরিবহনের একটি বাস।
সকাল ৯টার দিকে ধাপেরহাট বাসস্ট্যান্ড এলাকার ফাইভ স্টার হোটেল মোড়ে ওই ব্যক্তিকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বাসের সহকারী। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই আল আমিনের মৃত্যু হয়।
বাসটি তখন চলে গেলেও পরের বাস স্টপ রংপুরের পীরগঞ্জে বাসটিকে স্থানীয় জনগণ আটক করে। কিন্তু পরিবহন শ্রমিকরা এসে তাদের মারপিট করে বাসটিকে ছাড়িয়ে নেয়।
এতে বিক্ষুদ্ধ এলাকাবাসী ধাপেরহাটে রংপুর-ঢাকা মহাসড়ক সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত অবরোধ করে রাখে। এতে সড়কের দুপাশে দীর্ঘ পাঁচ কিলোমিটার যানযটের সৃষ্টি হয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মওলা, থানার ওসি জিয়া লতিফুল ইসলাম, ধাপেরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তদন্ত সাপেক্ষে বিষয়টির সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।
বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ নিয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
