কিশোরগঞ্জ-ঢাকা রুটে বাস ধর্মঘট স্থগিত
শ্রমিক নির্যাতন, চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে ডাকা কিশোরগঞ্জ-ঢাকা রুটে বাস ধর্মঘট স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সঙ্গে আলোচনার পর সন্ধ্যায় ধর্মঘট স্থগিত করে কিশোরগঞ্জ সড়ক পরিবহন সমিতি।
সমিতির সাধারণ সম্পাদক আলমগীর মুরাদ রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে ঢাকা সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহর সঙ্গে বৈঠকে বিষয়টির সম্মানজনক নিষ্পত্তি হওয়ায় ধর্মঘট স্থগিত করা হয়েছে।
মুরাদ বলেন, কিশোরগঞ্জের বাস মালিক, চালক ও শ্রমিকদের উপর মহাখালী বাস টার্মিনালের পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে এই ধর্মঘট ডাকা হয়েছিল।
বুধবার সন্ধ্যা থেকে কিশোরগঞ্জ-ঢাকা রুটে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকে কিশোরগঞ্জ পরিবহন সমিতি ও জেলা মটরযান শ্রমিক ইউনিয়ন।
