২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবহন নেতা খুনের পর ধর্মঘটের ডাক

রাজধানীর মতিঝিলে পরিবহন মালিক সমিতির এক নেতা খুন হয়েছেন। এর প্রতিবাদে শুক্রবার দূরপাল্লার বাস ধর্মঘট ডেকেছেন মালিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2013, 09:51 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাণিজ্যিক এলাকার একটি ভবনে খুন হওয়া খায়রুল মোল্লা (৪৫) সায়েদাবাদ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।

একইসঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের ডেমরা থানা শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি।

কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, সেবিষয়ে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি।

সন্ধ্যা সাড়ে ৬টায় মতিঝিল সমবায় ব্যাংকের তৃতীয় তলায় সহকর্মী কয়েকজনের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন খায়রুল। সেখানেই হত্যাকাণ্ড ঘটে।  

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আলী আকবরও ছিলেন সেখানে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খায়রুলসহ আমরা কয়েকজন বিকালের পর থেকে সমবায় ব্যাংকের তৃতীয় তলায় আড্ডা দিচ্ছিলাম।

“সন্ধ্যা হতেই খায়রুল ও ৭৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি তৈয়ব আলী বাড়ি যাবেন বলে নিচে নেমে যান।”

নামার সময়ই খায়রুলকে ছুরিকাঘাত করা হয় বলে আকবরের ধারণা। তবে কে মেরেছে, সে বিষয়ে তার কোনো ধারণা নেই বলে দাবি করেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কয়েকজন যুবক সন্ধ্যা পৌনে ৭টার দিকে খায়রুলকে হাসপাতালে নিয়ে আসে।

কর্তব্যরত চিকিৎসক খায়রুলকে দেখে বলেন, তিনি মারা গেছেন।

এই হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ সমবায় ভবনে যায়। তারা ইতোমধ্যে তদন্তও শুরু করেছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মো. আশরাফুজ্জামান।

তদন্তে কী পেলেন- জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তা এখনো স্পষ্ট বোঝা যাচ্ছে না।”

দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার ২৪৩/এ নম্বর বাড়িতে সপরিবারে থাকতেন খায়রুল। মৃত্যুর খবর শুনে তার স্ত্রী শেফালী বেগম, দুই মেয়ে বাঁধন ও বন্ধন এবং এক ছেলে মশিউর রহমান মোল্লা হাসপাতালে ছুটে যান।

বাস মালিকদের ধর্মঘট আহ্বান

সায়েদাবাদভিত্তিক পরিবহন মালিকদের নেতা খায়রুল খুনের প্রতিবাদে শুক্রবার ঢাকা থেকে দূরপাল্লার সব রুটে বাস ধর্মঘট ডেকেছে ঢাকা সড়ক পরিবহন সমিতি।

তিন দিনের হরতাল শেষে দূরপাল্লার গাড়ি চলাচল শুরুর একদিনের মাথায় এই ধর্মঘট আহ্বানের ফলে ঢাকা থেকে সব জেলায় বাস চলাচল বন্ধ থাকবে।

তিন দিন বন্ধ থাকার পর বাস ও পণ্যবাহী ট্রাকের চাপে বৃহস্পতিবার মহাসড়কগুলোতে দিনভরই ছিল যানজট।  

ঢাকা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সায়েদাবাদ টার্মিনালে দিনব্যাপী ধর্মঘট চলবে।

অর্থাৎ এই টার্মিনাল থেকে বৃহত্তর চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী, কুমিল্লা রুটে বাস চলাচল বন্ধ থাকবে।

এছাড়া মহাখালী ও গাবতলী টার্মিনালে দুপুর ২টা পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানান বাস মালিকদের নেতা এনায়েত উল্লাহ।

মহাখালী থেকে ময়মনসিংহ এবং উত্তরাঞ্চলের কয়েকটি জেলা এবং গাবতলী থেকে উত্তরাঞ্চল এবং বরিশালসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাস ছেড়ে থাকে।

ঢাকা পরিবহন মালিক সমিতি অবিলম্বে খায়রুল হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছে।

পুরনো খবর:

মহাসড়কে যানজট, ঢাকায়ও