মহাসড়কে যানজট, ঢাকায়ও
টানা তিন দিন হরতালের পর গাড়ির চাপ বেশি থাকায় সড়ক-মহাসড়কে যানজটে নাকাল হতে হয়েছে যাত্রীদের।
বিরোধী দলের হরতালের পর বৃহস্পতিবার ছিল সপ্তাহের শেষ কর্মদিবস। ফলে দাপ্তরিকসহ বিভিন্ন কাজ সেরে ফেলার তাগাদায় বিভিন্ন স্থানে মানুষের ভিড় ছিল বেশি, সেই সঙ্গে ছিল জেএসসি ও জেডিসি পরীক্ষা।
ফলে রাজধানীর সড়কগুলোতে দিনভর যানজট দেখা গেছে। মহাসড়কে তিন দিন পর গাড়ির চাকা গড়ানোয় যানজট ছিল সেখানেও।
দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে ভোর থেকেই যানজট ছিল। যা দুপুরের পর তীব্র আকার ধারণ করে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি জানান।
মহাসড়ক পুলিশের ফেনীর মহিপাল থানার ওসি এসএম জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর থেকে মহাসড়কে যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ির চাপ রয়েছে।
“দুপুরের পর চাপ আরো বেড়ে যাওয়ায় তীব্র যানযটের সৃষ্টি হয়েছে,” বলেন তিনি।
যানজট সামলাতে পুলিশকে হিমশিম খেতে দেখা যায়।
মহাসড়কের পাশাপাশি ফেনী শহরের মধ্যেও যানজট সৃষ্টি হওয়ায় জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীদের অনেকে সময়মতো কেন্দ্রে পৌঁছতে পারেনি।
আবার দুপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথেও যানজটের কবলে পড়তে হয়েছে শিশুদের।
রাজধানীতে জেএসসি-জেডিসি পরীক্ষার সঙ্গে যানজট বাড়িয়ে তোলে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ এবং কেরানীগঞ্জে প্রধানমন্ত্রীর জনসভা।
তীব্র যানজটে পড়ে দীর্ঘ সময় গাড়িতে থাকতে হয়েছে অনেকে। এদের একজন মফিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহাখালী থেকে গুলিস্তান যেতে মালিবাগ পৌঁছতেই তার দুই ঘণ্টা সময় লাগে।
“শান্তিনগর ও কাকরাইলের রোডে যানজট দেখে চালক বলে, তার গাড়ি খারাপ। এই বলে প্রায় ৪০ জন যাত্রীর সবাইকে নামিয়ে দেয়া হয়।”
ছয় নম্বর রুটের ওই গাড়িটি গুলিস্তান হয়ে কমলাপুর যাওয়ার কথা ছিল। ওই বাসে বেশ কয়েকজন বৃদ্ধ যাত্রী ও শিশু ছিল বলে মফিজ জানান, যাদেরও মোঝপথে নেমে যেতে হয়।
মফিজুলের মতোই মোহাম্মদপুর থেকে গুলিস্তান রওনা হওয়া মাহমুদুল হক নামে এক ব্যাংক কর্মকর্তা বলেন, “শাহবাগ এসে চালক বলে, গাড়ি খারাপ, আর যাবে না।”
হাই কোর্ট এলাকায় কর্মরত পুলিশ পরিদর্শক (ট্রাফিক) মো. রহমান বিকাল ৩টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যানজটের কুণ্ডলিতে আছি ভাই। খুবই হিমশিম খাচ্ছি এ জট খুলতে।”
রাজধানীর গুরুত্বপূর্ণ সব সড়কেই সকাল থেকে বিকাল পর্যন্ত যানজট ছিল। এই সময় গাড়ি চলেছে খুব ধীর গতিতে।
ঢাকা দক্ষিণ বিভাগের পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) খান মোহাম্মদ রেজওয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সপ্তাহের শেষ দিন এমনিতেই গাড়ির চাপ থাকে। হরতালের পরদিন হওয়ায় চাপ আরো বেড়ে যায়।”
