২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ইসলামী শ্রমিক সংগঠন: উদ্বিগ্ন বিজিএমইএ

ইসলামী শ্রমিক আন্দোলন নামের কথিত একটি শ্রমিক সংগঠন নিয়ে উদ্বেগে আছে তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2013, 05:36 PM

Updated : 25 Apr 2022, 07:29 PM

বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম এই শ্রমিক সংগঠনের গতিবিধিকে ‘অস্বাভাবিক’ মনে করে সংগঠনটির ওপর নজরদারি বাড়ানোর জন্য স্বয়ং প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে আতিকুল ইসলাম এ অনুরোধ জানান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, “সম্প্রতি ইসলামী শ্রমিক আন্দোলন নামের একটি সংগঠন তৈরি পোশাক শ্রমিকদের মধ্যে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে। হঠাৎ করে এই সংগঠনটি কিভাবে এলো তা আমরা বুঝতে পারছি না। ইতিমধ্যে সংগঠনটির নামে কিছু লিফলেট বিলি করা হয়েছে, যাতে উস্কানিমূলক বক্তব্য রয়েছে। এজন্য আমরা উদ্বিগ্ন। আমাদের উদ্বেগের বিষয়টি প্রধানমন্ত্রীকে জানিয়েছি।”

আতিকুল ইসলাম বলেন, “আমরা শুনেছি এই সংগঠনটি ১০ তারিখের পর বিশৃংখলা সৃষ্টির পরিকল্পনা নিয়েছে।”

সাধারণত দেশের অধিকাংশ পোশাক কারখানায় মাসের ১০ তারিখের মধ্যে বেতন-ভাতা পরিশোধ করা হয়ে থাকে।

লিফলেটে সংগঠনটির কোন ঠিকানা বা নেতার নাম উল্লেখ নেই।   

ন্যূনতম মজুরি বোর্ডে শ্রমিকদের প্রতিনিধি জাতীয় পোশাক শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তারের কাছে এই শ্রমিক সংগঠন বিষয়ে জানতে চাইলে তারা এ সংগঠন সম্পর্কে কিছু জানেন না বলে জানান।

এদিকে বিজিএমইএ ন্যূনতম মজুরি বিষয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রীর কাছে আগামী শনিবার সময় চেয়েছে বলে জানিয়েছেন আতিকুল ইসলাম।

প্রধানমন্ত্রী তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন কি না সে বিষয়ে তার কার‌্যালয় থেকে এখনও কিছু জানানো হয়নি।