২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি উপাচার্যের বাড়ির গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের হুমকি

উপাচার্যকে বাড়িতে অবরুদ্ধ রেখে এবার তার সুযোগ-সুবিধা কমিয়ে দেয়ার দেয়ার হুমকি দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2013, 08:55 PM

Updated : 13 Oct 2022, 03:02 PM

পুরনো খবর:

জাবি উপাচার্যের বাড়িতে শিক্ষকদের অবস্থান চলছে

গত তিন দিন ধরে উপাচার্যের বাড়ির সামনে অবস্থানকারী শিক্ষকদের সঙ্গে বুধবার থেকে যোগ দিয়েছে কর্মকর্তা-কর্মচারীরা।

আন্দোলনকারী সবাই উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগ চাইছেন। জাকসু নির্বাচন এবং উপাচার্য প্যানেল নির্বাচন দিয়ে চলে যাওয়ার অঙ্গীকার করা অধ্যাপক আনোয়ার সস্ত্রীক বাড়িতে রয়েছেন।

এদিকে শিক্ষকদের আন্দোলনের ফলে অচল ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষার দাবিতে সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এতে ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন যোগ দিয়েছে।

অধ্যাপক আনোয়ারের পদত্যাগ দাবিতে গত রোববার থেকে তার বাড়ির সামনে অবস্থান নিয়ে আছে সাধারণ শিক্ষক ফোরাম ব্যানারে শিক্ষকরা। এতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সমর্থনও রয়েছে।  

শিক্ষকরা অধ্যাপক আনোয়ারের সঙ্গে উপউপাচার্যসহ প্রশাসনিক কর্মকর্তাদের দেখা করতে বাধা দিয়ে আসছিল।

বুধবার সন্ধ্যায় উপাচার্যের বাড়ির দুজন কর্মচারী মো. রমজান ও আবুল হাশেমকে বের করে দেন শিক্ষকরা।

আন্দোলনকারীরা একে বলছেন উপাচার্য ভবনের সুযোগ-সুবিধা ‘সঙ্কোচন’ কর্মসূচি।

সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে শিক্ষক ফোরামের আহ্বায়ক অধ্যাপক হানিফ আলী বলেন, “উপাচার্যকে আমরা বাধ্য করব পদত্যাগে। প্রয়োজনে উপাচার্য ভবনের গ্যাস-বিদ্যুৎ, টেলিফোন-ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন করা হবে।”

উপাচার্যবিরোধী আন্দোলনে যোগ দিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়ে আসছিলেন শিক্ষকরা।

সেই আহ্বানে সাড়া দিয়ে বুধবার দুপুরে অফিসার সমিতি, তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতি এবং চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়ন আন্দোলনে যোগ দিয়েছে।

সবাইকে নিয়ে গঠন করা হয়েছ ‘শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’। এর সমন্বয়কের দায়িত্ব নিয়েছেন অধ্যাপক হানিফ আলী।

তিনি বলেন, “আগামী দিনগুলোর কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় পরিবারের ব্যাপক অংশগ্রহণ থাকবে।”

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সম্পাদক শরীফ উদ্দিন সংবাদ সম্মেলনে বলেন, “উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এখন একাট্টা। উপাচার্যের পদত্যাগই এখন সমাধান।”

শিক্ষক সমিতি জানিয়েছে, এখন থেকে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় এবং পরিবহন সর্বাত্মক ধর্মঘটের আওতামুক্ত থাকবে।  

শিক্ষকদের এই কর্মসূচির নিন্দা জানিয়ে অধ্যাপক আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তারা কার্যত আইনের সুস্পষ্ট লঙ্ঘন করছেন।”

ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “শিক্ষার্থীরা প্রতিবাদের মাধ্যমে জেগে উঠছে, সঙ্কট কেটে যাবে।”

এর আগে বেলা ১১টায় প্রশাসনিক ভবনের সামনে ক্লাস-পরীক্ষা ও স্থিতিশীল পরিবেশের দাবিতে শিক্ষার্থীদের সমাবেশ হয়। ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের সঙ্গে শিক্ষা অধিকার মঞ্চের সংগঠকরাও এতে যোগ দেয়।

সমাবেশে গণিত বিভাগের শিক্ষার্থী অনিক কুমার দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেক দিনের সেশনজটে পড়েছি আমরা। এখন সবচেয়ে জরুরি আমাদের ক্লাস-পরীক্ষা।”

Image
ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের সমাবেশ।

ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের সমাবেশ।

ছাত্রলীগের একদল কর্মীর হাতে ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের নিহত হওয়ার পর গত বছর শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শরিফ এনামুল কবির উপাচার্য পদ ছাড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেনকে উপাচার্যের দায়িত্ব দেয় সরকার।

পরে নির্বাচনের মাধ্যমে স্থায়ী হওয়া এই উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে আন্দোলনে নামে শিক্ষকরা।

শিক্ষক সমিতির আন্দোলনে বিশ্ববিদ্যালয় অচল হয়ে পড়লে এই বছরের শুরুতে হাই কোর্ট এক আদেশে শিক্ষা কার্যক্রমে কোনো বাধা সৃষ্টি না করার নির্দেশ দেয়।

এরপর কৌশল বদলে শিক্ষক ফোরাম নামে আন্দোলন শুরু করে শিক্ষকরা। ওই আন্দোলনের মধ্যে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা কাটাতে উদ্যোগ নেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর শিক্ষকরা আন্দোলন স্থগিত করলেও আশ্বাস বাস্তবায়ন না হওয়ার অভিযোগ তুলে পুনরায় আন্দোলনে নেমেছে শিক্ষকরা।

ভর্তি আবেদন সংক্রান্ত

বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণির (২০১৩-১৪) ভর্তি পরীক্ষার আবেদনের শেষ সময় পেরিয়ে গেলেও ইউজার আইডি এবং পাসকোড না পাওয়ায় অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষার্থী।

এই বিষয়ে ভর্তি পরীক্ষা সংক্রান্ত কারিগরি কমিটির সমন্বয়ক ফজলুল করিম পাটোয়ারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শেষ সময়ে অতিরিক্ত আবেদন জমা পড়ায় সার্ভারে চাপ তৈরি হয়েছে তবে নির্দিষ্ট সময়ে যারা আবেদন করেছেন বুধবার রাতের মধ্যে তারা ইউজার আইডি ও পাসকোড পেয়ে যাবেন।

এছাড়া ১০ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষার জন্য প্রবেশপত্র ডাউনলোড এবং প্রবেশপত্রে যাদের ছবি ও স্বাক্ষর ভুল হয়েছে তারা বিশ্ববিদ্যালয়ে এসে ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) বরাবর আবেদন করতে পারবে।