বাগেরহাট জামায়াত নেতা গ্রেপ্তার
নাশকতার পরিকল্পনার অভিযোগে বাগেরহাটে এক জামায়াত নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে।
বুধবার দুপুরে কচুয়া সদর থেকে গ্রেপ্তার ফকির আমিনুল ইসলাম ওরফে সোহরাব (৫৫) জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য ও কচুয়া উপজেলা কমিটির সাবেক আমির। তিনি কচুয়া উপজেলা সদরের বাসিন্দা।
কচুয়া থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, গত ১৯ অক্টোবর কচুয়ার খলিসাখালী গ্রামে একটি বাড়িতে জামায়াতে ইসলামীর অস্থায়ী কার্যালয় থেকে পুলিশ উপজেলা জামায়াতের আমির ও সেক্রেটারিসহ চার নেতাকে গ্রেপ্তার করে।
সেখানে থেকে সরকার বিরোধী প্রচারণামূলক লিফলেট, চাঁদা আদায়ের রশিদ ও দলের বেশকিছু বই উদ্ধার করা হয়।
ওই ঘটনায় কচুয়া থানা পুলিশ ওই চার নেতাসহ অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করে নাশকতা পরিকল্পনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করে।
ওই মামলায় ফকির আমিনুল ইসলামকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমির রেজাউল করিম বলেন, বাগেরহাটে সরকার বিরোধী আন্দোলন শুরুর পর থেকে পুলিশ পরিকল্পিতভাবে জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতে ইসলামী নেতাদের ‘মিথ্যা মামলায়’ একের পর এক গ্রেপ্তার করছে।
