২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে পুলিশ-ছাত্রদল সংঘর্ষ

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা ৬০ ঘণ্টার হরতালের শেষ দিনে রাজশাহী নগরীর তালাইমাড়ি অক্ট্রয় মোড়ে পুলিশের সঙ্গে ছাত্রদলকর্মীদের সংঘর্ষ হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাজশাহী/

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2013, 03:53 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

বুধবার বেলা দেড়টার দিকে এ সংঘর্ষে তিনকর্মী আহত হয়েছে বলে দাবি ছাত্রদলের।

মতিহার থানার ওসি আব্দুস সোবহান বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতাকর্মীরা রাজশাহী-ঢাকা মহাসড়কের ওপর পেট্রল ঢেলে আগুন দিয়ে অবরোধ করে। খবর পেয়ে পুলিশ এসে কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে।

এ সময় ছাত্রদলকর্মীরা পুলিশের দিকে দুইটি হাতবোমা ও ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ-র‌্যাবের টহল অব্যহত রয়েছে বলে উল্লেখ করেন ওসি।

রাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান বলেন, “হরতালের সমর্থনে মিছিল বের করার আগে পুলিশের সঙ্গে আমাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের ছোড়া টিয়ার সেলে আমাদের তিন কর্মী আহত হয়েছে।”

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে  নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে হরতালের সমর্থনে মৌন মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকরা।

বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আফরাউজ্জামান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ফজলুল হকের পরিচালনায়  সমাবেশে বক্তব্য রাখেন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. শামসুল আলম সরকার, অধ্যাপক শাহাদাত হোসেন মন্ডল, অধ্যাপক মতিয়ার রহমান, মাসুদুল হাসান খান মুক্তাসহ প্রমুখ।