২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিছিল সমাবেশ ঘিরেই হরতাল চট্টগ্রামে

হরতালের প্রথম দুই দিনে বন্দরনগরীতে দফায় দফায় হাতবোমার বিস্ফোরণ ঘটলেও শেষ দিন দুপুর পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। হরতালের পক্ষে-বিপক্ষে মিছিল-সমাবেশ করেছে নেতাকর্মীরা।

চট্টগ্রাম ব্যুরো

অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2013, 02:01 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

নগর পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার আব্দুর রউফ জানান, বুধবার বেলা ১২টা পর্যন্ত নগরীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

হরতাল সমর্থক ও হরতাল বিরোধীরা বিভিন্ন স্থানে পাল্টা-পাল্টি  মিছিল-সমাবেশ করেছে বলেও জানান তিনি।  

সকালে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে নগরীর কাজীর দেউড়ি মোড় থেকে হরতালের সমর্থনে মিছিল বেরোয়। বিভিন্ন সড়ক ঘুরে বিআরটিসি মোড়ে গিয়ে সমাবেশ করে তারা।

এরপর নগরীর বহদ্দারহাট মোড়, বিবিরহাট ও ইপিজেড মোড় এলাকায় হরতালের সমর্থনে সমাবেশ করে বিরোধী দলীয় নেতাকর্মীরা।

অন্যদিকে কাছাকাছি সময় নগরীর বহদাদরহাট মোড় ও মুরাদপুর মোড়ে সমাবেশ করেন হরতাল বিরোধীরা।

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের টানা ৬০ ঘণ্টার হরতালের আগের দুই দিনের তুলনায় এদিন নগরীর প্রধান সড়কগুলোতে বেশি সংখ্যক যানবাহন চলাচল করতে দেখা যায়।

সরকারি অফিস-আদালত, ব্যাংক-বীমা ও পোশাক কারখানায়ও নিয়মিত কাজ চলছে।