স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা: দুজনের যাবজ্জীবন
কিশোরগঞ্জে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
এছাড়া আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাভোগ করতে হবে।
মঙ্গলবার জেলা ও দায়রা জজ আ ম মো. সাঈদ এ রায় দেন।
দণ্ডিতরা হলেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার দেবালের কান্দা গ্রামের রুনু মিয়ার ছেলে মামুন মিয়া (২২) ও বাগহাটা গ্রামের নুরুল ইসলামের ছেলে আতিকুল ইসলাম জিলান (২৬)।
ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহ আজিজুলহক জানান, মামুন ও জিলান ২০১১ সালের ৪ অক্টোবর রাত ১০টার দিকে কটিয়াদীর চান্দপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নজরুল ইসলামকে ফোনে ডেকে নিয়ে যান।
এরপর উপজেলার মানিকখালী বাজার সংলগ্ন ইনছব আলীর ধানের চাতালে শ্বাসরোধ ও পায়ের রগ কেটে হত্যা করে পালিয়ে যায়।
ঘটনার পরদিন নিহতের ভাই সামাদ বাদী হয়ে মামলা দায়ের করেন।
সাজাপ্রাপ্তরা কারাগারে আছেন।
