রাজশাহীতে শিবিরের হামলায় ৫ পুলিশ আহত
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে রাজশাহীর খড়খড়িতে ইসলামী ছাত্রশিবিরের হামলায় পাঁচ পুলিশ আহত হয়েছে।
মহানগর গোয়েন্দা পুলিশের ওসি আলমগীর হোসেন জানান, মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে খড়খড়ি বাইপাস চৌরাস্তা মোড়ে পুলিশের উপর এ হামলা হয়।
তিনি বলেন “শিবির নেতাকর্মীরা চারদিক থেকে মিছিল নিয়ে এসে পুলিশের উপর হামলা চালায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ১০/১২টি হাতবোমা ও ইটপাটকেল নিক্ষেপ করে তারা। এতে পাঁচ পুলিশ আহত হয়।”
আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ সময় মহানগর পুলিশের উপ-কমিশনার (পুর্ব) প্রলয় চিসিমের গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে শিবিরকর্মীরা।
ওসি আলমগীর বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।”
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের তথ্য বিষয়ক সম্পাদক জিয়াউদ্দিন বাবলু বলেন, “পুলিশের সঙ্গে সংঘর্ষে আমাদের ১৫ নেতাকর্মী আহত হয়েছে।”
