খাগড়াছড়িতে জেএসএস নেতা খুন
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) এক কেন্দ্রীয় নেতাকে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে। তবে হত্যাকারীদের চিহ্নিত করতে পারেনি তারা।
নিহত পেশকা মারমা (৪৫) জেএসএসের কেন্দ্রীয় কমিটির সদস্য। লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছে পুলিশ।
হত্যাকাণ্ডের জন্য প্রতিপক্ষ রাজনৈতিক সংগঠন ইউপিডিএফকে দায়ী করেছে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) নেতৃত্বাধীন জেএসএসের কেন্দ্রীয় সহকারী তথ্য সম্পাদক সজীব চাকমা।
মানিকছড়ি থানার ওসি কেশব চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পেশকা বাসার সামনে দাঁড়ানো ছিলেন। বন্দুকধারীরা তাকে গুলি করে পালিয়ে যায়।
