অবৈধ ট্রাভেল এজেন্সির জরিমানা ৫০ হাজার টাকা অর্থদণ্ড
আইন ভেঙ্গে ট্রাভেল এজেন্সি পরিচালনার অপরাধের জরিমানা বাড়িয়ে নতুন প্রস্তাবিত আইন জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।
সোমবার ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) বিল-২০১৩’ সংসদে উত্থাপন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।
বিলে অবৈধভাবে ট্রাভেল এজেন্সি পরিচালনার অপরাধের শাস্তি ২ হাজার টাকার জরিমানা বাড়িয়ে অনধিক ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের প্রস্তাব করা হয়েছে।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সামরিক শাসনামলে নেওয়া বিভিন্ন অধ্যাদেশ পরিবর্তন ও বাতিল করার কাজ শুরু করে। এরই আওতায় ৭৭ সালের ‘ট্রাভেল এজেন্সিস (রেজিস্ট্রেসন অ্যান্ড কন্ট্রোল) অধ্যাদেশ’ বাতিল করে নতুন আইনের প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবিত আইনে বলা হয়েছে, নতুন আইন কার্যকর হওয়ার ছয়মাসের মধ্যে অধ্যাদেশের অধীনে নিবন্ধিত ট্রাভেল এজেন্সিগুলোকে নিবন্ধিত হতে হবে।
১৯৭৭ সালের অধ্যাদেশে এই আইনের অধীন সব কাজের দায়মুক্তি দেয়া হলেও প্রস্তাবিত আইনে সেটা বাদ দেয়া হয়েছে।
বিলটি একদিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মন্ত্রী বলেন, বাংলাদেশে ট্রাভেল এজেন্সির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমান অধ্যাদেশটি দীর্ঘদিনের অনেক পুরাতন হওয়ায় ট্রাভেল এজেন্সিগুলো অধিক স্বচ্ছ ও দক্ষ ব্যবস্থাপনার জন্য বাংলা ভাষায় যুগোপযোগীভাবে আইন প্রণয়ন করা বিশেষ প্রয়োজন।
এদিকে পল্লী বিদ্যুতায়নের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ১৯৭৭ সালের পল্লী বিদ্যুতায়ন বোর্ড অধ্যাদেশ বাতিল করে নতুন আইনের প্রস্তাব করা হয়েছে।
সোমবার বিদ্যুত প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক ‘পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিল-২০১৩’ সংসদে উত্থাপন করেন।
পরে বিলটি একদিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
