মামলা হরতাল আহ্বানকারীদের বিরুদ্ধেও হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সহিংসতার জন্য হরতাল আহ্বানকারীদের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকে গত সপ্তাহে ৬০ ঘণ্টার হরতালে প্রাণহানির পর নতুন করে তিন দিনের হরতালের প্রথম দিন সংসদে বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যারা অনৈতিক হরতাল পালন করছে, তাদের নেপথ্য নায়কদের হত্যার দায় নিতে হবে। যথাসময়ে সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে ফৌজদারি বিধির ৩০২, ৩০৪ ও ৩০৭ অনুসারে মামলা দায়েরের পদক্ষেপ নেয়া হবে।”
২৫-২৯ বিরোধী দলের হরতালে ১২ জন নিহত হয়েছে বলে সংসদে জানান মহীউদ্দীন খান আলমগীর।
নির্দলীয় সরকারের দাবিতে বিরোধী দলের নতুন করে ৬০ ঘণ্টার হরতালের প্রথম দিনে অন্তত দুজন নিহত হন। এছাড়া গাড়ি পোড়ানোর ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে একজন নিহত এবং অন্তত তিনজন আহত হয়েছেন।
পাবনায় ফেইসবুকে মহানবী (স.) কে কটাক্ষ করার অভিযোগ তুলে পাবনায় হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘরে হামলা-লুটপাটের ঘটনার প্রেক্ষাপটে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,কক্সবাজারের রামু, চাঁদপুরের হাপানিয়া, পাবনার সাঁথিয়ার মতো ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে বিষয়ে সরকার বদ্ধপরিকর।
“সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকার সর্বোচ্চ শক্তি দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে,” বলেন তিনি।
