২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন: স্কুল-কলেজের বার্ষিক পরীক্ষা এগুচ্ছে

দশম জাতীয় সংসদ নির্বাচনের জন্য স্কুল-কলেজের বার্ষিক পরীক্ষা এগিয়ে আনা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শহীদুল ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2013, 09:22 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

নির্বাচন কমিশনের (ইসি) অনুরোধে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর স্কুল-কলেজের বার্ষিক পরীক্ষা ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে শেষ করতে নির্দেশনা জারি করেছে।

স্কুল-কলেজের বার্ষিক পরীক্ষা, টেস্ট পরীক্ষা ও ভর্তি পরীক্ষা ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে শেষ করতে গত ২৮ অক্টোবর সংশ্লিষ্ট সবাইকে চিঠি দেয় ইসি।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী, ৭ থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা হওয়ার কথা রয়েছে।

আগামী ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচন হবে। জানুয়ারিতে ভোটগ্রহণ হলেও তার আগে থেকে চলবে বিভিন্ন প্রস্তুতি, আর তাতে স্কুল-কলেজের শিক্ষকদেরও সম্পৃক্ততা থাকে। আর ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

ইসির অনুরোধে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা এগিয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে শেষ করতে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্বাভাবিক অবস্থার জন্য বর্ষপঞ্জি অনুসরণ করা হয়। যেহেতু জাতীয় নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন অনুরোধ করেছে, তাই বার্ষিক পরীক্ষা এগিয়ে আনা হচ্ছে।”

ষষ্ঠ থেকে নবমশ্রেণির বার্ষিক পরীক্ষা হওয়ার কথা রয়েছে ২১ নভেম্বর থেকে ৪ ডিসেম্বরের মধ্যে। এছাড়া বিভিন্ন কলেজের দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষা চলছে এবং একাদশ শ্রেণির সমাপনী পরীক্ষা হবে।

বিভিন্ন বেসরকারি কলেজ নিজেদের শিক্ষাপঞ্জি অনুসরণ করে একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা নেয়।

মাউশি মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচন কমিশনের চিঠির বিষয়ে পদক্ষেপ নিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ইতোমধ্যেই নির্দেশনা দেয়া হয়েছে।

মাউশির অধীনে দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে।

তবে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলেজের পরীক্ষার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। মাউশি থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি হয়েছে, তারা সে অনুযায়ীই কাজ করবেন।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মঞ্জুয়ারা বেগম সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষা মন্ত্রণালয়, মাউশি বা শিক্ষা বোর্ড থেকে এ ধরনের কোনো নির্দেশনা এখনো তারা পাননি।

বিশ্ববিদ্যালয়গুলো ‘স্বাধীনভাবে’ ভর্তি পরীক্ষার সূচি ঘোষণা করায় ওই পরীক্ষা শেষ করতে কোনো বাধ্যবাধকতা দেয়া হয়নি বলে শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।

ইসির চিঠিতে যা আছে

নির্বাচন কমিশনের চিঠিতে বলা হয়, সংবিধান অনুযায়ী ২৭ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচন হবে।

দেশের অধিকাংশ সরকারি, সরকারি অনুদাপ্রাপ্ত এবং কোনো কোনো ক্ষেত্রে অনেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনের ভোটকেন্দ্র হিসাবে ব্যবহৃত হবে।

“সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও কোনো কোনো ক্ষেত্রে বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি অনুদানপ্রাপ্ত ও কোনো কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ভোটগ্রহণ কর্মকর্তা হিসাবে নিয়োগ দেয়া হবে।”

ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে জানিয়ে চিঠিতে বলা হয়, প্রতিষ্ঠাগুলোর কোনো কোনোটিকে প্রশিক্ষণের স্থান হিসাবেও ব্যবহার করা হবে। এছাড়া ভোটগ্রহণের কয়েকদিন আগে এসব প্রতিষ্ঠানকে ভোটকেন্দ্র স্থাপনের উপযোগী করা হবে।

এসব কারণ দেখিয়ে স্কুল, কলেজ ও মাদ্রাসার বার্ষিক পরীক্ষা, টেস্ট পরীক্ষা, ভর্তি পরীক্ষাসহ সব পরীক্ষা ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে শেষ করা অনুরোধ জানায় ইসি।

এই সময়ের মধ্যে বিভিন্ন বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের অধীনে সব পাবলিক পরীক্ষাও শেষ করতেও চিঠিতে অনুরোধ করা হয়।